ads

যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া দ্বিপাক্ষিক সমঝোতার বাস্তবায়ন এবং বিদেশে আটকে থাকা ৬ বিলিয়ন মার্কিন ডলারের তহবিল ফেরত পাওয়ার লক্ষ্যে বুধবার কাতারের রাজধানী দোহায় গুরুত্বপূর্ণ আলোচনায় বসছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।

বাঘাই বলেন, দোহায় কাতার কর্তৃপক্ষের সঙ্গে একটি সমঝোতা স্মারকের বিভিন্ন ধারা বাস্তবায়ন নিয়ে আলোচনা হবে। বৈঠকের অন্যতম প্রধান বিষয় হবে বিভিন্ন দেশে অবরুদ্ধ থাকা ইরানের সম্পদ ও তহবিল কীভাবে ধাপে ধাপে অবমুক্ত করা যায়, সে বিষয়ে অগ্রগতি অর্জন।

তিনি আরও জানান, একই সময়ে মার্কিন প্রতিনিধিদল কাতারে অবস্থান করলেও আগামী কয়েক দিনের মধ্যে তাদের সঙ্গে ইরানি প্রতিনিধিদের কোনো সরাসরি বা মুখোমুখি বৈঠকের পরিকল্পনা নেই।

অন্যদিকে, কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি জানিয়েছেন, মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ইতোমধ্যে দোহায় পৌঁছেছেন। তারা কাতারি মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠক করবেন। তবে মার্কিন ও ইরানি প্রতিনিধিদের মধ্যে কোনো যৌথ বৈঠক নির্ধারিত হয়নি বলেও তিনি নিশ্চিত করেন।

কাতারের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ইরানের ৬ বিলিয়ন মার্কিন ডলারের অবরুদ্ধ তহবিল এখনো তেহরানের কাছে হস্তান্তর করা হয়নি। চলমান আলোচনায় অগ্রগতি হলে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে পর্যায়ক্রমে অর্থ ছাড়ের বিষয়টি বাস্তবায়ন করা হবে।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে দীর্ঘদিনের কূটনৈতিক অচলাবস্থা নিরসন এবং ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্কের বিভিন্ন অমীমাংসিত ইস্যুতে কাতারের মধ্যস্থতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দোহার এই আলোচনা সেই প্রচেষ্টারই অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।

সূত্র: সিএনএন

আরও খবর