ভারতীয় ভিসা আবেদন আরও শৃঙ্খলিত করতে নতুন সিদ্ধান্ত আইভ্যাকের
ভারতীয় ভিসা আবেদনের অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থায় নতুন সিদ্ধান্ত নিয়েছে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক)। নতুন নিয়ম অনুযায়ী, আবেদনকারীরা আর নিজেদের পছন্দমতো অ্যাপয়েন্টমেন্টের সময় (টাইম স্লট) নির্বাচন করতে পারবেন না। এর পরিবর্তে, আবেদন জমা দেওয়ার সময় সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে খালি থাকা একটি সময় বরাদ্দ করবে।
বুধবার থেকে নতুন এ ব্যবস্থা কার্যকর হবে বলে জানিয়েছে আইভ্যাক।
আইভ্যাকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১ জুলাই থেকে বাংলাদেশের সব ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে (আইভ্যাক) সব ধরনের ভিসা আবেদনের ক্ষেত্রে টাইম-স্লটভিত্তিক আবেদন জমা দেওয়ার এই নতুন পদ্ধতি চালু হচ্ছে।
নতুন ব্যবস্থায় প্রতিটি আইভ্যাকের দৈনিক আবেদন গ্রহণের সক্ষমতা বিবেচনায় নিয়ে সিস্টেম ধারাবাহিকভাবে আবেদনকারীদের জন্য নির্ধারিত সময় বরাদ্দ করবে। ফলে অ্যাপয়েন্টমেন্ট বুকিংয়ের সময় আবেদনকারীদের আলাদাভাবে কোনো টাইম স্লট নির্বাচন করতে হবে না।
আইভ্যাক জানিয়েছে, ভিসা আবেদন প্রক্রিয়া আরও সুশৃঙ্খল, দ্রুত ও নির্বিঘ্ন করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
এদিকে আবেদনকারীদের নির্ধারিত সময় মেনে সংশ্লিষ্ট আইভ্যাক কেন্দ্রে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিতকরণ বার্তায় উল্লেখিত সময় অনুযায়ী উপস্থিত থাকলে আবেদন জমা দেওয়ার প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত সম্পন্ন হবে বলেও জানানো হয়েছে।






