ads

জাপানের কাছে ব্রাজিল হারবে—এমন সাহসী ভবিষ্যদ্বাণী করেছিলেন জার্মান অর্থনীতিবিদ জোয়াকিম ক্লেমেন্তে। তবে মাঠের ফল বলেছে ভিন্ন কথা। নাটকীয় জয় তুলে নিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেওয়ার পর ক্লেমেন্তেকে সামাজিক যোগাযোগমাধ্যমে খোঁচা দিয়েছেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার।

পেশায় শেয়ারবাজার–বিশ্লেষক ক্লেমেন্তে গত তিনটি বিশ্বকাপে সম্ভাব্য চ্যাম্পিয়ন নিয়ে সঠিক পূর্বাভাস দিয়ে আলোচনায় এসেছিলেন। তবে ২০২৬ বিশ্বকাপে তাঁর একাধিক পূর্বাভাস বাস্তবতার সঙ্গে মেলেনি। তিনি দাবি করেছিলেন, রাউন্ড অব ৩২-এ জাপানের কাছে হেরে ব্রাজিল বিদায় নেবে। কিন্তু সেই ভবিষ্যদ্বাণী ভুল প্রমাণ করে ২–১ গোলের জয় নিয়ে শেষ আট নিশ্চিত করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

ম্যাচ শেষে এক্সে (সাবেক টুইটার) নেইমার ব্যঙ্গ করে লেখেন, “জোয়াকিম ক্লেমেন্তে, দয়া করে আগামী বিশ্বকাপে আবার চেষ্টা করবেন।” একই দিনে ক্লেমেন্তের আরেকটি পূর্বাভাসও ভেস্তে যায়। তাঁর মতে, এবারের বিশ্বকাপের শিরোপা জিতবে নেদারল্যান্ডস। কিন্তু মরক্কোর কাছে টাইব্রেকারে হেরে বিদায় নেয় ডাচরা। এরপর নেইমার আরেকটি পোস্টে সংক্ষেপে লেখেন, “আবারও ভুল।”

জাপানের বিপক্ষে ম্যাচে অবশ্য মাঠে নামেননি নেইমার। ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি ম্যাচ শেষে জানান, দল যদি সমতায় ফিরতে না পারত, তাহলে নেইমারকে খেলানো হতো। ২৯ মিনিটে পিছিয়ে পড়ার পর ৫৬ মিনিটে কাসেমিরোর গোলে সমতা ফেরায় ব্রাজিল। অতিরিক্ত সময়ের কথা মাথায় রেখে তখন নেইমারকে বেঞ্চেই রেখে দেন কোচ। শেষ পর্যন্ত সেই সিদ্ধান্তই কার্যকর হয়। যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে গ্যাব্রিয়েল মার্তিনেল্লির জয়সূচক গোলে ২–১ ব্যবধানে জয় নিশ্চিত করে সেলেসাওরা।

জোয়াকিম ক্লেমেন্তে তাঁর পূর্বাভাসের জন্য একটি গাণিতিক মডেল ব্যবহার করেন। এই মডেলের ভিত্তি চারটি প্রধান সূচক—দেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি), জনসংখ্যা, গড় তাপমাত্রা এবং স্টেডিয়ামে সমর্থকদের উপস্থিতি।

ক্লেমেন্তের মতে, শক্তিশালী ফুটবল অবকাঠামো গড়ে তুলতে অর্থনৈতিক সক্ষমতা গুরুত্বপূর্ণ, তাই জিডিপি একটি বড় বিবেচ্য বিষয়। পাশাপাশি বেশি জনসংখ্যা মানে প্রতিভাবান ফুটবলার বেছে নেওয়ার সুযোগও বেশি। তিনি আরও মনে করেন, ফুটবলের জন্য আদর্শ গড় তাপমাত্রা প্রায় ১৪ ডিগ্রি সেলসিয়াস, যা ইউরোপের দক্ষিণাঞ্চল ও দক্ষিণ আমেরিকার অনেক অঞ্চলে বিদ্যমান। এছাড়া স্টেডিয়ামে সমর্থকদের ব্যাপক উপস্থিতিও দলের পারফরম্যান্সে ইতিবাচক প্রভাব ফেলে।

তবে এবারের বিশ্বকাপে অন্তত ব্রাজিল ও নেদারল্যান্ডসকে নিয়ে তাঁর হিসাব পুরোপুরি মিলেনি। আর সেই সুযোগই লুফে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে রসিকতার সুরে ক্লেমেন্তেকে স্মরণ করিয়ে দিয়েছেন নেইমার।

আরও খবর