সালমান শাহর কবর অক্ষত থাকছে, মরদেহ উত্তোলনের নির্দেশ বাতিল
বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহ (চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন)-এর মৃত্যুর প্রায় ৩০ বছর পর কবর থেকে তার মরদেহ উত্তোলনের আগের আদেশ বাতিল করেছেন আদালত।
মঙ্গলবার (২৩ জুন) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা-এর আদালতে মামলার বাদী মোহাম্মদ আলমগীর কুমকুম মরদেহ উত্তোলনের আদেশ বাতিলের আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করে আগের আদেশ প্রত্যাহার করেন।
বাদীপক্ষের আইনজীবী আবিদ হাসান গণমাধ্যমকে জানান, প্রায় তিন দশক পর দেহাবশেষ উত্তোলন করলেও সেখান থেকে তদন্তে সহায়ক কোনো কার্যকর আলামত পাওয়ার সম্ভাবনা খুবই কম। পাশাপাশি এতে ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগতে পারে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার আশঙ্কাও রয়েছে। এসব বিষয় বিবেচনায় নিয়েই আদালতে আদেশ বাতিলের আবেদন করা হয়েছিল।
আবেদনে আরও উল্লেখ করা হয়, সালমান শাহকে সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজার প্রাঙ্গণে দাফন করা হয়েছে। সেখানে কবর খনন করে দেহাবশেষ উত্তোলন জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। এ বিষয়ে নিহতের মা নীলা চৌধুরীও আপত্তি জানিয়েছেন বলে আদালতকে জানানো হয়।
এর আগে চলতি বছরের ২০ মে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক মো. জিয়াউল মোর্শেদ আদালতের কাছে মরদেহ উত্তোলন, সুরতহাল প্রতিবেদন প্রস্তুত, ময়নাতদন্তের অনুমতি এবং একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের আবেদন করেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে ২৪ মে আদালত মরদেহ উত্তোলনের অনুমতি দিয়েছিলেন।
সর্বশেষ আদেশের ফলে আপাতত সালমান শাহর কবর থেকে মরদেহ উত্তোলনের প্রক্রিয়া স্থগিত থাকছে।






