মেসি-রোনালদোর বাইরে ট্রাম্পের পছন্দ ব্রাজিল কিংবদন্তি পেলে
ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা খেলোয়াড় (GOAT) কে—এ নিয়ে বছরের পর বছর ধরে চলছে তর্ক-বিতর্ক। আধুনিক ফুটবলে এই আলোচনায় সবচেয়ে বেশি উচ্চারিত হয় লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর নাম। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে এই বিতর্কের উত্তর ভিন্ন। তার মতে, সর্বকালের সেরা ফুটবলার ব্রাজিলের কিংবদন্তি পেলে।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে উপস্থিত থাকার কথা রয়েছে ট্রাম্পের। জানা গেছে, তিনি বিজয়ী দলের হাতে ট্রফিও তুলে দেবেন।
বিশ্বকাপ চলাকালীন বিশ্বের জনপ্রিয় লাইভ স্পোর্টস স্ট্রিমিং প্ল্যাটফর্ম ডিএজেডএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তিনি তরুণ বয়সে যুক্তরাষ্ট্রে পেলের খেলা সরাসরি দেখার সুযোগ পেয়েছিলেন। সেই অভিজ্ঞতাই তাকে আজও বিশ্বাস করায় যে, পেলের মতো ফুটবলার আর আসেননি।
ট্রাম্প বলেন, "বহু বছর আগে, যখন আমি তরুণ ছিলাম, তখন পেলে নামের এক ফুটবলারকে যুক্তরাষ্ট্রে আনা হয়েছিল। তিনি নিউইয়র্ক কসমসের হয়ে খেলতেন। আমার বন্ধু স্টিভ রস, যিনি ওয়ার্নার কমিউনিকেশনসের সাবেক সিইও ছিলেন, এই উদ্যোগের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।"
তিনি আরও বলেন, "স্টেডিয়ামটি দর্শকে কানায় কানায় পূর্ণ ছিল। সেটি ছিল বর্তমান মেটলাইফ স্টেডিয়ামের আগের সংস্করণ, একই মেডোল্যান্ডস এলাকাতেই ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল। আমি তখন তরুণ ছিলাম এবং পেলের খেলা দেখতে গিয়েছিলাম। তিনি ছিলেন অসাধারণ।"
মেসি-রোনালদো বিতর্ক প্রসঙ্গে ট্রাম্প বলেন, "হয়তো আমি একটু পুরনো ধাঁচের কথা বলছি, যেমন অনেকেই বেব রুথকে নিয়ে বলেন। তবে আমার কাছে পেলেই সর্বকালের সেরা।"
এদিকে বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে রয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। জর্ডানের বিপক্ষে বদলি হিসেবে নেমে ফ্রি-কিক থেকে গোল করে বিশ্বকাপে টানা সাত ম্যাচে গোল করার অনন্য কীর্তি গড়েছেন তিনি। অন্যদিকে পর্তুগালের অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদোও দলকে সফলতা এনে দিতে লড়াই চালিয়ে যাচ্ছেন। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে সমালোচিত হলেও উজবেকিস্তানের বিপক্ষে ঘুরে দাঁড়িয়ে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন এই তারকা।
তবুও আধুনিক যুগের দুই মহাতারকার বদলে ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা হিসেবে ট্রাম্পের পছন্দ সেই কিংবদন্তি পেলে, যার খেলা তিনি নিজের চোখে দেখেছিলেন।






