বিশ্বকাপের নকআউটে ৩২ দল, দেখে নিন কার প্রতিপক্ষ কে
শেষ হয়েছে ২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্ব। টানা কয়েক দিনের উত্তেজনাপূর্ণ লড়াই শেষে চূড়ান্ত হয়েছে রাউন্ড অব ৩২-এর লাইনআপ। ৪৮ দলের বিশ্বকাপ হওয়ায় এবারই প্রথম চালু হয়েছে এই নকআউট পর্ব, যেখানে জায়গা পেয়েছে ৩২টি দল।
গ্রুপ পর্বের শেষ দিনে নাটকীয় ড্র করে ‘জে’ গ্রুপ থেকে শেষ ষোলোর লড়াইয়ের প্রথম ধাপ অর্থাৎ রাউন্ড অব ৩২ নিশ্চিত করেছে আলজেরিয়া ও অস্ট্রিয়া। অন্যদিকে শেষ মুহূর্তে বিদায় নিতে হয়েছে ইরানকে।
নতুন ফরম্যাট অনুযায়ী ১২টি গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপের পাশাপাশি সেরা আটটি তৃতীয় স্থানধারী দল নিয়ে গঠিত হয়েছে রাউন্ড অব ৩২। এই পর্বের বিজয়ী ১৬টি দল খেলবে শেষ ষোলোতে। এরপর পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনাল।
রবিবার (২৮ জুন) থেকে শুরু হচ্ছে নকআউট পর্বের প্রথম ধাপ। আগামী ১৯ জুলাই ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে ২০২৬ বিশ্বকাপের।
এবারের রাউন্ড অব ৩২-এ বেশ কয়েকটি আকর্ষণীয় ম্যাচ অপেক্ষা করছে ফুটবলপ্রেমীদের জন্য। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রতিপক্ষ অভিষেক বিশ্বকাপে চমক দেখানো কেপ ভার্দে। এছাড়া ব্রাজিল-জাপান, ফ্রান্স-সুইডেন, পর্তুগাল-ক্রোয়েশিয়া এবং ইংল্যান্ড-ডিআর কঙ্গোর ম্যাচও বাড়তি আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে।
রাউন্ড অব ৩২-এর পূর্ণাঙ্গ সূচি (বাংলাদেশ সময়)
- ২৯ জুন, রাত ১টা: দক্ষিণ আফ্রিকা vs কানাডা
- ২৯ জুন, রাত ১১টা: ব্রাজিল vs জাপান
- ৩০ জুন, রাত ২:৩০টা: জার্মানি vs প্যারাগুয়ে
- ৩০ জুন, সকাল ৭টা: নেদারল্যান্ডস vs মরক্কো
- ৩০ জুন, রাত ১১টা: নরওয়ে vs আইভরি কোস্ট
- ১ জুলাই, রাত ৩টা: ফ্রান্স vs সুইডেন
- ১ জুলাই, সকাল ৭টা: মেক্সিকো vs ইকুয়েডর
- ১ জুলাই, রাত ১০টা: ইংল্যান্ড vs ডিআর কঙ্গো
- ২ জুলাই, রাত ২টা: বেলজিয়াম vs সেনেগাল
- ২ জুলাই, সকাল ৬টা: যুক্তরাষ্ট্র vs বসনিয়া ও হার্জেগোভিনা
- ৩ জুলাই, রাত ১টা: স্পেন vs অস্ট্রিয়া
- ৩ জুলাই, ভোর ৫টা: পর্তুগাল vs ক্রোয়েশিয়া
- ৩ জুলাই, সকাল ৯টা: সুইজারল্যান্ড vs আলজেরিয়া
- ৪ জুলাই, রাত ১২টা: অস্ট্রেলিয়া vs মিসর
- ৪ জুলাই, ভোর ৪টা: আর্জেন্টিনা vs কেপ ভার্দে
- ৪ জুলাই, সকাল ৭:৩০টা: কলম্বিয়া vs ঘানা
এবারের নতুন ফরম্যাটে প্রতিটি ম্যাচই নকআউট হওয়ায় ভুলের সুযোগ নেই কোনো দলের। এক ম্যাচের হারে শেষ হয়ে যাবে বিশ্বকাপের স্বপ্ন, আর জয়ে খুলে যাবে শেষ ষোলোর দরজা। তাই শুরু থেকেই রাউন্ড অব ৩২-এ উত্তেজনা ও প্রতিদ্বন্দ্বিতার পারদ থাকবে তুঙ্গে।






