হরমুজ উত্তেজনার পর আটক ইরানি নাবিকদের মুক্তি
হরমুজ প্রণালীতে আটক হওয়া একটি ইরানি তেলবাহী ট্যাঙ্কারের ২২ জন নাবিককে মুক্তি দিয়েছে যুক্তরাষ্ট্র। পাকিস্তানের সহায়তায় তারা করাচিতে পৌঁছেছেন এবং সেখান থেকে শিগগিরই নিজ দেশ ইরানে ফিরে যাবেন।
শুক্রবার (২৬ জুন) পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান।
তিনি বলেন, পাকিস্তানে অবস্থানরত ইরানি কূটনৈতিক মিশনের সঙ্গে সমন্বয় করে নাবিকদের দ্রুত ও নিরাপদে নিজ দেশে ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে। এ লক্ষ্যে ওয়াশিংটন ও তেহরানের প্রতিনিধিদের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখা হয়েছে।
ইসহাক দার আরও জানান, গত দুই মাসে পাকিস্তানের সহায়তায় এটি ইরানি নাবিকদের চতুর্থ প্রত্যাবর্তনের ঘটনা। এ পর্যন্ত পাকিস্তানের ভূখণ্ড ব্যবহার করে ৭০ জনের বেশি ইরানি নাগরিককে নিরাপদে দেশে ফিরতে সহায়তা করা হয়েছে। এ সহযোগিতায় আস্থা রাখার জন্য তিনি ইরানকে ধন্যবাদ জানান।
এর আগে গত ২০ এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ অতিক্রমের চেষ্টা করার সময় হরমুজ প্রণালী এলাকায় একটি ইরানি জাহাজ আটক করা হয়। পরে তিনি দাবি করেন, জাহাজটিতে চীন থেকে আনা অত্যন্ত গোপনীয় একটি পণ্য ছিল।
এদিকে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, যুক্তরাষ্ট্রের হেফাজতে থাকা ওই ২২ ইরানি নাবিককে পাকিস্তানের করাচি শহরে ইরানি কূটনীতিকদের কাছে হস্তান্তর করা হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যেই তারা ইরানে ফিরে যাবেন বলে আশা করা হচ্ছে।
তবে ইরানি কর্তৃপক্ষ কিংবা ইরনা—কেউই ট্যাঙ্কারটির নাম, কোথায় বা কখন এটি আটক করা হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি।
সূত্র: ডন, আরব নিউজ।






