ইবোলার ঝুঁকিতে তিন দেশের নাগরিকদের সৌদি প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা
ইবোলা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় আফ্রিকার তিনটি দেশের নাগরিকদের জন্য সাময়িক ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে সৌদি আরব। দেশটির জনস্বাস্থ্য কর্তৃপক্ষ ‘ওয়িকায়া’ জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো (ডিআরসি), উগান্ডা এবং দক্ষিণ সুদান থেকে আগত কোনো ব্যক্তি সৌদি আরবে প্রবেশ করতে পারবেন না। এই নিষেধাজ্ঞা সব ধরনের ভিসার ক্ষেত্রে কার্যকর হবে, যার মধ্যে ওমরাহ ভিসাও রয়েছে।
কর্তৃপক্ষ আরও জানিয়েছে, সৌদি আরবে প্রবেশের আগের ২১ দিনের মধ্যে উল্লিখিত তিনটি দেশে অবস্থান করেছেন—এমন ব্যক্তিদের ক্ষেত্রেও প্রবেশ ভিসা স্থগিত থাকবে, তারা তৃতীয় কোনো দেশের মাধ্যমে ভ্রমণ করলেও এই বিধিনিষেধ প্রযোজ্য হবে।
এদিকে রুয়ান্ডা, বুরুন্ডি, তানজানিয়া এবং কঙ্গো-ব্রাজাভিল থেকে আসা যাত্রীদের জন্যও বাড়তি স্বাস্থ্য সতর্কতা জারি করা হয়েছে। এসব দেশ থেকে আগতদের সীমান্তে স্বাস্থ্য পরীক্ষা, পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় রোগতাত্ত্বিক নজরদারির আওতায় আনা হবে।
ওয়িকায়া জানিয়েছে, ২০১৯ সালের পর থেকে সৌদি আরবে ইবোলা ভাইরাসে আক্রান্ত কোনো রোগী শনাক্ত হয়নি। তবে বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় জনস্বাস্থ্য সুরক্ষায় আগাম সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, ১৯৭৬ সালে ডিআরসিতে প্রথম ইবোলা ভাইরাস শনাক্ত হয়। এই রোগে মৃত্যুহার প্রায় ৫০ শতাংশ এবং এখন পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে ইবোলায় প্রায় ১৫ হাজার মানুষের মৃত্যু হয়েছে।
এর আগে বুধবার ফ্রান্সের স্বাস্থ্য কর্তৃপক্ষ দেশটিতে চলতি প্রাদুর্ভাবের প্রথম ইবোলা রোগী শনাক্তের তথ্য নিশ্চিত করে। আক্রান্ত ব্যক্তি ডিআরসিতে একটি মানবিক সহায়তা মিশনে কর্মরত চিকিৎসক ছিলেন। দেশে ফেরার পর তার শরীরে সংক্রমণ ধরা পড়লে তাকে বিশেষায়িত কোয়ারেন্টাইন কেন্দ্রে ভর্তি করা হয়।
সূত্র: আরব নিউজ।






