ads

হলিউডের জনপ্রিয় দুই তারকা টিমোথি শ্যালামে ও সেলেনা গোমেজ এবার প্রথমবারের মতো একসঙ্গে কণ্ঠ দিচ্ছেন অ্যানিমেটেড সায়েন্স-ফিকশন চলচ্চিত্র ‘নট অ্যালোন’-এ। ‘ডেসপিকেবল মি’ ও ‘সুপার মারিও ব্রোস’-এর মতো সফল ফ্র্যাঞ্চাইজির নির্মাতা ইলুমিনেশন স্টুডিওর নতুন এই সিনেমার ঘোষণা দেওয়া হয়েছে অ্যানেসি অ্যানিমেশন ফেস্টিভ্যালে।

এ সিনেমার মাধ্যমে প্রথমবার কোনো অ্যানিমেশন চলচ্চিত্রে কণ্ঠ দিচ্ছেন টিমোথি শ্যালামে। তিনি কণ্ঠ দেবেন ‘জো’ নামের এক অন্তর্মুখী রকেট মেকানিকের চরিত্রে, যিনি নিরিবিলি জীবনযাপন করতে ভালোবাসেন। অন্যদিকে সেলেনা গোমেজ কণ্ঠ দিচ্ছেন ‘ফ্র্যান’ চরিত্রে, যিনি একজন মেধাবী অ্যাস্ট্রো-বোটানিস্ট এবং বিশ্বের প্রথম উদ্ভিদ-চালিত রকেট তৈরির গবেষণায় ব্যস্ত।

রকেটটির প্রথম উৎক্ষেপণের প্রস্তুতির সময় জো ও ফ্র্যান একসঙ্গে কাজ করতে গিয়ে ধীরে ধীরে একে অপরের কাছাকাছি চলে আসেন। তবে ভালোবাসার অনুভূতি প্রকাশে দুজনই বেশ অদক্ষ।

গল্পে নতুন মোড় আসে যখন ডাঙ্ক, ওয়েলি ও শার্ম নামের তিনটি আদুরে এলিয়েন জো-এর বাড়িতে আশ্রয় নেয়। অদক্ষ কিন্তু অতিউৎসাহী পুলিশ কর্মকর্তা জ্যানড্রোর হাত থেকে পালিয়ে আসা এই এলিয়েনরা বুঝতে পারে, ফ্র্যানের তৈরি উদ্ভিদ-চালিত রকেটই হতে পারে তাদের নিজ গ্রহে নিরাপদে ফেরার একমাত্র উপায়।

এলিয়েন তিনটির কণ্ঠে থাকছেন রব ব্রাইডন, ডায়ান মরগান ও জেমি ডিমেট্রিউ। আর জ্যানড্রো চরিত্রে কণ্ঠ দেবেন ‘টেড ল্যাসো’খ্যাত ব্রেট গোল্ডস্টেইন। এছাড়া গুরুত্বপূর্ণ আরও কয়েকটি চরিত্রে কণ্ঠ দিচ্ছেন অ্যালিসন জ্যানি ও লামোর্ন মরিস।

সিনেমাটি পরিচালনা করছেন এরিক গুইলন, ক্লেয়ার ডজসন এবং জোনাথন ডেল ভাল। ইলুমিনেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ক্রিস মেলেডান্ড্রির প্রযোজনায় নির্মিত ‘নট অ্যালোন’ আগামী ১৬ এপ্রিল ২০২৭ বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা রয়েছে।

সম্প্রতি অ্যানেসি অ্যানিমেশন ফেস্টিভ্যালে ইলুমিনেশনের নতুন চলচ্চিত্র ‘মিনিয়নস অ্যান্ড মনস্টার্স’ ইতিবাচক সাড়া পাওয়ায় ‘নট অ্যালোন’ নিয়েও দর্শকদের প্রত্যাশা অনেক বেড়েছে।

আরও খবর