ছয় দিনের মালয়েশিয়া ও চীন সফর শেষে প্রধানমন্ত্রীর দেশে ফেরা
মালয়েশিয়া ও চীনে রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২৬ জুন) রাত ৮টার দিকে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে স্বাগত জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এর আগে স্থানীয় সময় বিকেল ৫টায় (বাংলাদেশ সময় বিকেল ৩টা) চীনের বেইজিং তাসিং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী তারেক রহমান গত ২১ জুন প্রথমে রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া যান। সেখানে বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় নিয়ে বৈঠক ও আনুষ্ঠানিকতা শেষে ২২ জুন তিনি চীনের উদ্দেশে যাত্রা করেন।
সফর শেষে শুক্রবার রাতে দেশে ফেরার মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরের আনুষ্ঠানিক সমাপ্তি হলো। দুই দেশের সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ এবং পারস্পরিক সহযোগিতা জোরদারে এ সফরকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।






