ads

রাজধানীর শাহবাগের আজিজ সুপার মার্কেটের একটি ফ্ল্যাট থেকে ফারা ফেরদৌস (৩২) নামে এক নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা না গেলেও ঘটনাটি ঘিরে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

শুক্রবার (২৬ জুন) বিকেলে আজিজ সুপার মার্কেটের ১৪ তলার ৮/এস নম্বর ফ্ল্যাটের একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে বিকেল পৌনে ৬টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত ফারা ফেরদৌস খুলনা জেলার ফুলতলা থানার পয়গ্রাম এলাকার বাসিন্দা এবং মো. আবদুর রশিদের মেয়ে। তিনি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ছিলেন। পাশাপাশি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্ডিওভাসকুলার অ্যান্ড থোরাসিক সার্জারি (সিভিটিএস) বিভাগে এমএস ফেজ-বি’র তৃতীয় বর্ষের রেসিডেন্ট শিক্ষার্থী হিসেবে অধ্যয়নরত ছিলেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, ফারা ফেরদৌস অবিবাহিত ছিলেন এবং আজিজ সুপার মার্কেটের ওই ফ্ল্যাটে একাই বসবাস করতেন। তবে ঠিক কখন এবং কীভাবে তার মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

প্রাথমিকভাবে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আরও খবর