ads

রাজধানীর মিরপুর মডেল থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের এক মামলায় জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সাবেক সদস্য মোছা. আশিকা সুলতানাকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

শুক্রবার (২৬ জুন) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মঞ্জুরুল ইসলাম এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আল মামুন হোসাইন তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আজিজুল হক দিদার বিষয়টি নিশ্চিত করেছেন। শুনানিতে রাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষে যুক্তি উপস্থাপন করে, অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী জাহাঙ্গীর আলম রিমান্ডের বিরোধিতা করেন।

এর আগে বৃহস্পতিবার (২৫ জুন) রাত পৌনে ১২টার দিকে রাজধানীর মিরপুর-১১ এলাকা থেকে আশিকা সুলতানাকে গ্রেপ্তার করে পুলিশ।

মামলার এজাহারে বলা হয়েছে, গত ১৯ জুন মিরপুর-১ এলাকায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের একদল নেতাকর্মী সরকারবিরোধী মিছিল করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তারা ব্যানার ফেলে সেখান থেকে চলে যান। পরে ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ জানতে পারে, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ওই মিছিল অনুষ্ঠিত হয়েছিল। এ ঘটনায় দায়ের করা মামলায় সন্দেহভাজন হিসেবে আশিকা সুলতানাকে গ্রেপ্তার করা হয়।

রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা দাবি করেন, আশিকা সুলতানা ঘটনার সঙ্গে সরাসরি জড়িত এবং তিনি আওয়ামী লীগের অর্থদাতাদের একজন। মিছিলের পরিকল্পনা ও নেতৃত্বদানকারীদের পরিচয় উদঘাটন এবং ঘটনার প্রকৃত রহস্য জানতে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।

আরও খবর