ডা. জাহেদ ইস্যুতে ভারতের ব্যাখ্যায় সন্তুষ্ট নয় ঢাকা
বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানকে দিল্লি বিমানবন্দরে বাধা দেওয়ার ঘটনায় ভারতের দেওয়া ব্যাখ্যাকে অসন্তোষজনক বলে মন্তব্য করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে ঘটনাটিকে ‘দুর্ভাগ্যজনক ও দুঃখজনক’ হিসেবে অভিহিত করেছে ঢাকা।
বুধবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের মন্তব্যের প্রতিক্রিয়ায় বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ. কে. এম. শহীদুল করিম বলেন, এ ঘটনা সম্পর্কে ভারতীয় পক্ষের দেওয়া ব্যাখ্যা সন্তোষজনক নয়।
তিনি জানান, ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) একটি বৈঠকে ডা. জাহেদ উর রহমান বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন—এ বিষয়ে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে ভারতীয় কর্তৃপক্ষকে আগেই যথাযথভাবে অবহিত করা হয়েছিল। এরপরও দিল্লি বিমানবন্দরে তাকে নিয়ে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তা অত্যন্ত দুর্ভাগ্যজনক ও দুঃখজনক।
চলতি মাসের শুরুতে আইওআরএর একটি বৈঠকে অংশ নিতে ভারতে যাওয়ার সময় দিল্লি বিমানবন্দরে ডা. জাহেদ উর রহমানকে প্রবেশে বাধার মুখে পড়তে হয়। ওই বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়ার কথা ছিল তার।
এদিকে বাংলাদেশে সংখ্যালঘুদের অধিকার ও নিরাপত্তা বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাম্প্রতিক মন্তব্য সম্পর্কেও সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।
তিনি বলেন, বাংলাদেশ বিশ্বাস করে প্রতিটি রাষ্ট্রের দায়িত্ব হলো তার ভূখণ্ডে বসবাসরত সংখ্যালঘুসহ সব নাগরিকের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা।
মুখপাত্র আরও বলেন, বাংলাদেশ সরকার সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যসহ দেশের সব নাগরিকের অধিকার সুরক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।






