ads

হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলি জানিয়েছেন, ব্র্যাড পিটের সঙ্গে বিচ্ছেদের প্রায় এক দশক পর তিনি আবারও নিজের আত্মবিশ্বাস ও জীবনের প্রতি নতুন উদ্যম ফিরে পেয়েছেন। দীর্ঘ আইনি লড়াই, পারিবারিক টানাপোড়েন এবং ব্যক্তিগত সংকটের সময় তার সবচেয়ে বড় শক্তি হয়ে পাশে ছিল ছয় সন্তান।

সম্প্রতি মার্কিন বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম ভ্যারাইটি-কে দেওয়া এক সাক্ষাৎকারে জোলি বলেন, গত কয়েক বছরে তিনি নিজের ভেতরের সেই লড়াকু মানসিকতার অনেকটাই হারিয়ে ফেলেছিলেন। তবে সময়ের সঙ্গে সঙ্গে সন্তানদের সমর্থন তাকে আবারও স্বাভাবিক জীবনে ফিরতে সাহায্য করেছে।

জোলি ও ব্র্যাড পিটের ছয় সন্তান—ম্যাডক্স, প্যাক্স, জাহারা, শাইলো এবং যমজ নক্স ও ভিভিয়েন—এখন অনেকটাই বড় হয়ে উঠেছে। জোলির ভাষ্য, সন্তানরাই তাকে ঘরের বাইরে বের হয়ে নতুনভাবে জীবন উপভোগ করতে এবং বিশ্বভ্রমণের জন্য উৎসাহ দিচ্ছে। তাদের বিশ্বাস, মা যেন নিজের হারিয়ে যাওয়া স্বপ্ন ও পরিচয় আবারও খুঁজে পান।

বিচ্ছেদের আগের সময়ের কথা স্মরণ করে ‘ম্যালিফিসেন্ট’ তারকা জানান, সে সময় তিনি অভিনয় থেকে অনেকটাই দূরে সরে গিয়ে চলচ্চিত্র পরিচালনা এবং আন্তর্জাতিক মানবিক কর্মকাণ্ডে মনোযোগী ছিলেন। তবে বিচ্ছেদের পর সন্তানদের দায়িত্ব এবং আর্থিক বাস্তবতার কারণে তিনি আবারও অভিনয়ে নিয়মিত হন।

উল্লেখ্য, দীর্ঘ আট বছরের আইনি প্রক্রিয়ার পর ২০২৪ সালের ডিসেম্বরে অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিটের বহুল আলোচিত বিচ্ছেদ আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হয়। বর্তমানে সন্তানদের সঙ্গে ব্র্যাড পিটের সম্পর্ক প্রায় বিচ্ছিন্ন। এরই মধ্যে কয়েকজন সন্তান আইনি প্রক্রিয়ায় নিজেদের নাম থেকে বাবার পদবি ‘পিট’ বাদ দিয়েছেন।

যদিও ব্র্যাড পিটের ঘনিষ্ঠ সূত্রগুলো দাবি করছে, জোলি ইচ্ছাকৃতভাবে সন্তানদের বাবার কাছ থেকে দূরে সরিয়ে রেখেছেন। তবে জোলিপন্থী সূত্রের ভাষ্য, সন্তানরা এখন প্রাপ্তবয়স্ক এবং অতীতের পারিবারিক অভিজ্ঞতা ও মানসিক আঘাতের কারণেই তারা নিজের সিদ্ধান্তে বাবার কাছ থেকে দূরত্ব বজায় রাখছেন।

সূত্র: ভ্যারাইটি, পেজ সিক্স

আরও খবর