বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত -রাজধানীর উত্তরায়
সোমবার দুপুরে রাজধানীর উত্তরা মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এক বিবৃতিতে আইএসপিআর জানিয়েছে, বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান রাজধানীর উত্তরায় বিধ্বস্ত হয়েছে। বিমানটি আজ সোমবার দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে।
এদিকে, ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার গণমাধ্যমকে জানান, তারা দুপুর ১টা ১৮ মিনিটে সংবাদ পান যে উত্তরা মাইলস্টোন কলেজের কাছে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। ঘটনাস্থলে তাদের তিনটি ইউনিট কাজ করছে। আরও দুটি ইউনিট যোগ দিচ্ছে।
ঘটনাস্থলে থাকা লাকি আক্তার নামে একজন অভিভাবক প্রথম আলোকে বলেন, তার দুই সন্তান এখানে পড়তেন। বড় সন্তানকে বের করতে পরেছেন। তবে ছোট সন্তান এখনও আটকে রয়েছেন। তার সঙ্গে কোনো যোগাযোগ করতে পারছেন না তিনি।
ফেরদৌসি বেগম নামের আরেক অভিভাবক জানান, তার মেয়ে ভেতরে আটকা পড়েছেন। তিনি তার মেয়ের সঙ্গে কোনো যোগাযোগ করতে পারছেন না।
হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সবুজ মিয়া প্রথম আলোকে বলেন, স্কুলের দোতলা ভবনের প্রবেশ মুখে বিমানটি বিধ্বস্ত হয়। তখন স্কুল ছুটি হয়ে গেছে। কিছু শিক্ষার্থী বের হয়ে গেছে, অনেকে ভেতরেই ছিল। বিমানটি বিধ্বস্ত হওয়ার পরই আগুন ধরে যায়।






